ফুটবল বিশ্বে এমন নাটকীয়তা বহুদিন দেখা যায়নি!
টোকিওর আমিনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে জাপান।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের স্বাদ নিতে হয় কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। ১৪ বারের চেষ্টায় অবশেষে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় পেল এশিয়ার পরাশক্তি জাপান।
ম্যাচের ২৬ মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে বল পেয়ে পাওলো হেনরিক দলকে প্রথম লিড এনে দেন। ছয় মিনিট পরই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে ব্রাজিলের পক্ষে।

প্রথমার্ধে ব্রাজিলের গোল
তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় জাপানের জাগরণ।
৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলে গোল করে ব্যবধান কমান তাকুমি মিনামিনো। এরপর ৬৩ মিনিটে কেইতো নাকামুরা দারুণ এক হেডে সমতায় ফেরান দলকে। আর ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে আয়াসে উয়েদা জয়সূচক গোলটি করেন।
শেষ মুহূর্তে সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ফলে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ‘সামুরাই ব্লু’রা।
এই জয়ে ঘরের মাঠে টানা ২০ ম্যাচে অপরাজিত রইল জাপান। অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে এটি ব্রাজিলের দ্বিতীয় পরাজয়।
এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। দুই যুগ পর আবারও এক এশিয়ান দলের কাছে নতজানু হতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন,
“জাপান অসাধারণ ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছিল। আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।”