নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার প্রায় নয় ঘণ্টা পরও রাসায়নিকের গুদামে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা ও পাশের ‘কসমিক ফার্মা’ নামে একটি রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামে এখনো আগুন জ্বলছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই আমরা সর্বোচ্চ প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করছি।”

মিরপুর পোশাক কারখানায় আগুন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উদ্ধারকৃত সব লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে থাকা ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পার-অক্সাইড ও প্লাস্টিক উপকরণ আগুন ছড়িয়ে পড়ার গতি বাড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পোশাক কারখানার নিচতলায় থাকা ‘ওয়াশ ইউনিট’ থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই বের হতে না পেরে প্রাণ হারান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে এখনো ধ্বংসস্তূপে তল্লাশি চলছে। রাসায়নিকের গুদামটির অনুমোদন ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেন।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম ঘটনাস্থলে তদারকি করছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।