ঢাকা, ১৪ অক্টোবর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি আগামী ১৯ অক্টোবরের মধ্যে নিজেদের নির্বাচনী প্রতীক বাছাই না করে, তবে নির্বাচন কমিশন (ইসি) নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনসিপির চাহিদা ‘শাপলা’ প্রতীক, কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় এটি অন্তর্ভুক্ত নেই। তাই শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।”
ইসি সচিব আরও বলেন, “আমরা দলটিকে লিখিতভাবে জানিয়েছি— তারা যেন ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে নিজেদের পছন্দ জানায়। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নেয়, তবে কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক বরাদ্দ করবে।”
এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি দিয়েছিল, যেখানে ‘শাপলা’ প্রতীকটি ছিল না। তবুও এনসিপি তাদের নিবন্ধনের শর্ত হিসেবে শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে।
গত ৯ অক্টোবর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “নিবন্ধন যদি দিতে হয়, তবে সেটা শাপলাই হতে হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না।”
এনসিপির দাবির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন পরিবেশ ও প্রয়োজনের ভিত্তিতে তৈরি হয়। কমিশনের মতে, শাপলাকে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এটি জাতীয় প্রতীক কিনা, সেটাও এখানে প্রাসঙ্গিক নয়।”
অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সচিব জানান, “আমরা নতুন ১২টি দলের বিষয়ে অতিরিক্ত তথ্য যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োজিত করেছি। আশা করছি আগামী সপ্তাহে এর অগ্রগতি পাওয়া যাবে।”
প্রবাসী ভোটারদের বিষয়েও অগ্রগতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে ১১টি দেশে নিবন্ধন কার্যক্রম চলছে। আরও চারটি দেশে নতুন করে প্রক্রিয়া শুরু হবে। ভোটার অ্যাপ ডেভেলপমেন্টের কাজও দ্রুত এগোচ্ছে— নভেম্বরের প্রথম সপ্তাহেই লঞ্চ করা সম্ভব হবে বলে আশা করছি।”
ইসি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী সংগ্রহের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।