রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।”
রোববার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে সেটি আওয়ামী লীগের অংশগ্রহণই বলা যায়।”
আখতার হোসেন দাবি করেন, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে না। তিনি বলেন, “যাঁরা আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে বক্তব্য দিচ্ছেন, তাঁরা দেশবিরোধী অবস্থান নিচ্ছেন। তাঁদের আইনের আওতায় আনা প্রয়োজন।”
এনসিপি নেতা বলেন, “গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আন্দোলনের সময় কঠিন সময় পার করেছেন। নুরুল হক নূর ভাই রক্ত দিয়েছেন, অনেক সহযোদ্ধা জেলে গেছেন। সেই উত্তাল সময়ের দিনগুলো আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অংশ হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আসবে, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের লক্ষ্য।”
আরো পড়ুনঃএকাত্তরের বিচার নিয়ে বিএনপি মহাসচিবের নতুন অভিযোগ
জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের সংকট উত্তরণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি স্বীকৃতি চায়। যদি কারও দলীয় স্বার্থের কারণে বাধা সৃষ্টি হয়, তাহলে তাদের সঙ্গে কথা বলে সেই স্বার্থ থেকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। বাংলাদেশের প্রশ্নে আমাদের সবাইকে এক হতে হবে।”
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে এবং মুখপাত্র ফারুক হাসানের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।