নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে চাঁদা দাবি না মানায় এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ব্যবসায়ীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৯টায় ব্যবসায়ী আসাদুল খন্দকারের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ঘণ্টা খানেক পর পুনরায় কল আসে, যেখানে হুমকিদাতারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের সংকেত দেন।
পরের দিন (২৮ অক্টোবর) আসাদুল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও পুলিশ তৎপর না হলেও হুমকিদাতারা ঠিকই তাদের হুমকি বাস্তবায়ন করেন এবং ২৯ অক্টোবর রাত ৮টার দিকে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর হুমকিদাতারা আবারও ফোন করে তাদের কথার নিশ্চয়তা দেন।
ভুক্তভোগী আসাদুল খন্দকার সময় সংবাদকে বলেন, “আমার ছেলে-মেয়ের তথ্য ব্যবহার করে আমাকে দুই দফায় হুমকি দেওয়া হয়েছে। ছয় লাখ টাকা চাঁদা না দিলে বোমা মারার হুমকিও দেওয়া হয়। থানায় অভিযোগ দিই, কিন্তু পুলিশ আমার খোঁজ নেয়নি, সন্ত্রাসীরা ঠিকই বিস্ফোরণ ঘটিয়েছে।”
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির জানান, “ককটেল বিস্ফোরণের বিষয়টি আমরা নিশ্চিত করেছি। তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা পুলিশের নীরবতা ও হুমকিদাতা শনাক্তে তৎপরতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন, নিরাপত্তা ও দ্রুত তদন্ত না হলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে।