২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে নেপাল ও ওমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয় নিশ্চিত করার পরই এই দুই দল বিশ্বকাপের টিকেট কেটে নিয়েছে।
সুপার সিক্স পর্বের তৃতীয় দিনের লড়াইয়ে আল আমেরাতে সামোয়ার বিপক্ষে ৭৭ রানে জয় পায় আরব আমিরাত। এই ফলাফলের সঙ্গে সঙ্গে নেপাল ও ওমানের হাতে আরও দুটি ম্যাচ থাকলেও, তারা ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দু’দলই। অন্যদিকে, আরব আমিরাত চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে জাপানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ।
নেপালের বিশ্বকাপে পৌঁছানোর পেছনে মূল অবদান রেখেছেন লেগ স্পিনার সান্দিপ লামিছান। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে, তার বোলিং গড় ৯.৪০ এবং ওভার প্রতি রান মাত্র ছয়ের নিচে। কাতারের বিপক্ষে তিনি মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন। অন্যদিকে, ওমানের জিতেন রামানান্দি চার ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের খেলার সমীকরণকে শক্তিশালী করেছেন।
২০২৬ সালের আসর যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া, ২০২৪ সালের বিশ্বকাপের শীর্ষ ৭ দল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ, এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানও খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাছাইপর্ব থেকে অংশ নেওয়া দলগুলো:
আমেরিকা অঞ্চল: কানাডা
ইউরোপ অঞ্চল: ইতালি, নেদারল্যান্ডস
আফ্রিকা অঞ্চল: নামিবিয়া, জিম্বাবুয়ে
এশিয়া-প্যাসিফিক অঞ্চল: নেপাল, ওমান
বাকি একটি দল নির্ধারিত হবে এশিয়া-প্যাসিফিক বাছাইয়ের ফলাফলের ওপর—জাপান না আরব আমিরাত, সেটা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে।
এভাবে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের মধ্যে ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে, আর শেষ টিকিটের লড়াই এখন উত্তেজনাপূর্ণভাবে জাপান ও আরব আমিরাতের মধ্যে হবে।