ব্রাহ্মণবাড়িয়া | ২৫ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অংশগ্রহণ করতে চান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব এহসানুল করিম তানজিল। সোমবার স্থানীয় পর্যায়ে এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ইঙ্গিত দেন।
তরুণদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমরা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার সকল পুরনো হেজেমনি ভেঙে দিতে চাই। আমরা চাই বাংলাদেশ যেন কারো গোলাম না হয়। সংসদের আসন আমাদের লোভ নয়। আমরা তরুণরা রাষ্ট্র-যন্ত্রকে অভ্যুত্থানের শক্তির বলয়ে রেখে সকল দূর্নীতি বিলোপ করতে চাই। যত দিন দেহে থাকবে রক্ত, প্রাণে থাকবে নিঃশ্বাস, ততদিন ছড়াবো শিকল ভাঙার মন্ত্র।”
এহসানুল করিম তানজিল জানান, আগামী নির্বাচনকে তিনি “তরুণদের বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ” হিসেবে দেখছেন। তার মতে, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে তৃণমূল পর্যায় থেকে, যেখানে যুব সমাজই হতে পারে প্রধান চালিকাশক্তি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, তানজিল বক্তব্য মূলত পরিবর্তন ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতিফলন। তরুণ ভোটারদের মধ্যে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনী মাঠে কতটা রাজনৈতিক শক্তি হয়ে উঠবে তা নির্ভর করবে সংগঠন, প্রচার-কৌশল ও দলীয় প্রস্তুতির ওপর।
রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত করা
দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি
রাজনৈতিক হেজেমনি ও প্রভাব-বাণিজ্যের বিরোধিতা
শিক্ষা ও কর্মসংস্থানমুখী নীতিনির্ধারণ
প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা
এই আসনে তরুণ ভোটারের হার তুলনামূলক বেশি। এলাকার উন্নয়ন, বেকারত্ব ও সরকারি সেবা বিতরণ নিয়ে জনমনে অসন্তোষের কথা উল্লেখ করেন তিনি। সেসব ইস্যু নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন।
তানজিল বলেন,
“আমরা ইতিহাস নির্মাণে বিশ্বাসী। দেশের স্বাধীনতা এসেছে বিদেশি শাসনের বিরুদ্ধে, এখন প্রয়োজন দায়বদ্ধ ও সুশাসনভিত্তিক নতুন রাজনৈতিক সংস্কার।”