নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আগে ইসলাম ও বিভিন্ন তরিকা ব্যবহার করে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটতে চায়। এতে ইসলাম ও মুসলমানদের ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের অনুসারী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেভাবে ইসলাম প্রচার করেছেন, আমরা সেই আদর্শেই বিশ্বাসী। এখানে কোনো মওদুদী ইসলামের স্থান নেই। যারা ফিতনা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তারা আসলে ইসলামের ক্ষতি করছে।”
সালাহউদ্দিন আহমদ ইঙ্গিত দেন, দলটি হচ্ছে জামায়াতে ইসলামী। এক সময়ের রাজনৈতিক মিত্র হলেও জুলাই অভ্যুত্থানের পর থেকে বিএনপি ও জামায়াতের দূরত্ব তৈরি হয়েছে। সংবিধান সংস্কারে গণভোট ইস্যুতেও এখন দুই দল পরস্পরের বিরোধিতায় রয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা ইসলাম ও আলেমদের অপমান করে দেশ শাসন করেছে। এখন সময় এসেছে ফ্যাসিবাদী ও অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করে সঠিক পথে আদর্শিক রাজনীতি গড়ে তোলার।”
তিনি আহ্বান জানান, “আদর্শিক রাজনীতি ও ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে অপরাজনীতি সমূলে বিদায় করতে পারি। নতুন প্রজন্মের উচিত আদর্শিক রাজনীতিকে অনুসরণ করা, যাতে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়।”
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
One thought on "নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ"