বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া।
প্রায় ৮০ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এর আগে গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর মে মাসে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি গুলশানের বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।