আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসন্ন নির্বাচনেও তাদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন সময়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে বৈঠকে জানানো হয়। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকের শেষ পর্যায়ে তিন বাহিনীর প্রধানেরা আসন্ন ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্যাপনে প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।