নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর ৩৫ বছর বয়সী এই কিউই তারকা জানিয়েছেন, সময় এসেছে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার।
রবিবার (২ নভেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেটের দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন,
“দীর্ঘদিন এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। অসংখ্য সুন্দর স্মৃতি রয়েছে। এখন নতুনদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। দল ও দেশের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।”
২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে ২৫৭৫ রান, ১৮টি অর্ধশতক, গড় ৩৩.৩৩ এবং স্ট্রাইক রেট ১২৩.০৮—সংখ্যাগুলোই প্রমাণ করে তার ধারাবাহিকতা ও কার্যকারিতা।
কেবল ব্যাট হাতে নয়, নেতৃত্বেও তিনি ছিলেন অসাধারণ। ৭৫ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৬ ও ২০২২ আসরের সেমিফাইনালে তুলেছিলেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট পেয়েছিল এক নতুন উচ্চতা।
উইলিয়ামসনের অবসরের পর সীমিত ওভারের দুই সংস্করণেই এখন নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার, যাকে প্রশংসা করে উইলিয়ামসন বলেন,
“মিচ একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বেই ব্ল্যাক ক্যাপস আরও উঁচুতে উঠবে।”
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, উইলিয়ামসন জানিয়েছেন তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন, পাশাপাশি অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতেও। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দলে তার নাম থাকছে বলেও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিংক বলেন,
“কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও নেতা। তার অবদান অপরিমেয়, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে গেলেও, নিউজিল্যান্ড সমর্থকদের কাছে উইলিয়ামসন সবসময়ই থেকে যাবেন “মিস্টার ক্লাস”—নির্ভরতা, স্থিরতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে।