আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় ৫ আগস্টের গণ-অভ্যুত্থানকালে ছয়জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বুধবার ট্রাইব্যুনাল-২–এর বিচারক জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।
জবানবন্দিতে আবজালুল জানান, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ নিয়মিত মোবাইলে নির্দেশনা পেতেন সাবেক এমপি সাইফুল ইসলামের কাছ থেকে। এসব নির্দেশনার ভিত্তিতে আন্দোলন দমন ও বিরোধী পক্ষের লোকজন গ্রেপ্তার করছিলেন।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ওসি সায়েদ থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিকেল ৪টার দিকে বিজয় মিছিল থানার সামনে এলে ওসি সায়েদের নির্দেশে এএসআই বিশ্বজিৎসহ কয়েকজন অফিসার গুলি ছোড়েন। এতে কয়েকজন ঘটনাস্থলেই মারা যান।”
জবানবন্দিতে আবজালুল দাবি করেন, ঘটনার কিছু সময় পর নিহত ব্যক্তিদের মরদেহ তিন চাকার ভ্যানে তুলে থানার পিকআপে নেওয়া হয়। পরে ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ পেট্রোল ঢেলে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে ফেলেন। ঘটনার ভয়াবহতায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং পরবর্তী দুই দিন “ট্রমায়” কাটান।
সাবেক এসআই বলেন, “আমাকে মে মাসে গ্রেপ্তার করা হয়, তবে শহীদ ভাইদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আদালতের কাছে সত্য প্রকাশ করেছি। পরিবারের কাছে এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাইছি।”
এ মামলায় আসামি ১৬ জন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, তৎকালীন ওসি এ এফ এম সায়েদ, এএসআই বিশ্বজিৎসহ আটজন এখনো পলাতক। বাকি আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে আবজালুল নিজেও ছিলেন। পরে তিনি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
এর আগে একই ধরনের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়েছিলেন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং মামুনের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা হয়।
বুধবার জবানবন্দি গ্রহণ শেষে আংশিক জেরা হয়। বাকি জেরা বৃহস্পতিবার হবে বলে জানানো হয়।
প্রসিকিউটর মিজানুল ইসলাম মনে করেন, “আবজালুল ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন যা বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”